একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২২ জুলাই) : দেশের উন্নয়ন গতি ত্বরান্বিত করতে বিশাল অংকের নতুন অর্থায়ন অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় প্রাক্কলনে ৮টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হয়েছে।
অনুমোদিত এই মোটা অংকের ব্যয়ের মধ্যে বড় অংশই আসছে সরকারি তহবিল থেকে—যার পরিমাণ ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা। এছাড়া বাকি ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা সংস্থান করা হবে বৈদেশিক প্রকল্প সাহায্য হিসেবে। বুধবার (২২ জুলাই) প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয় কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।
এর মধ্যে নতুন প্রকল্প তিনটি ও সংশোধিত প্রকল্প পাঁচটি।
সভায় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম; পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা অংশ নেন।
সভায় অনুমোদিত আটটি প্রকল্প হলো- (১) সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (জিএসআইডিপি-২) (১ম সংশোধন) প্রকল্প (২) বৃহত্তর দিনাজপুর (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়) জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প (৩) পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প (৪) দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প (৩য় সংশোধিত) প্রকল্প (৫) ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প (২য় সংশোধন) (৬) বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, সিলেট বিভাগ (৩য় সংশোধন) (৭) একটি মূল্যায়ন কাম উন্নয়ন কূপ (বেগমগঞ্জ-৫) এবং ২টি অনুসন্ধান কূপ (বেগমগঞ্জ-৬ ও সুনেত্র-২) খনন”প্রকল্প (৮) মেডিকেল কলেজ হাসপাতালসমূহে বিদ্যমান কিডনি ডায়ালাইসিস সেন্টার ৫০ শয্যায় উন্নীতকরণ এবং জেলা সদর হাসপাতালসমূহে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন (২য় সংশোধন)।
মনোয়ারুল হক/
