প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ, শ্রম খাতের উন্নয়নে জোর

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২০ জুলাই) : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।

সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে নবনির্বাচিত সরকারকে অভিনন্দন জানিয়ে আইএলও প্রধান বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ায় বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় এবং স্বল্প সময়ে বিভিন্ন কূটনৈতিক সাফল্য অর্জনের জন্য বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করেন হোংবো।

তিনি আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়ন ও শ্রম খাতের চলমান সংস্কারে বাংলাদেশের আন্তরিকতার ইতিবাচক মূল্যায়ন করে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান আইএলও-র ধারাবাহিক সহযোগিতাকে ধন্যবাদ জানিয়ে শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বজায় রাখতে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের কথা পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে উভয় পক্ষ শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, তৈরি পোশাক খাতের অগ্রগতি এবং পরিবর্তিত বৈশ্বিক বাজারের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা জনাব মাহ্দী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জাতিসংঘ) মো. কামরুজ্জামান, বাংলাদেশে আইএলও কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনোঁ (Max Tuñón) এবং আইএলও সদর দপ্তর, জেনেভার মহাপরিচালকের জ্যেষ্ঠ উপদেষ্টা হিতোমি নাকাগোমে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ