ইরানের একাধিক শহরে হামলা চালাল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২০ জুলাই) : বাণিজ্যিক জাহাজে ইরানি হামলা ঠেকানোর অজুহাতে দেশটির একাধিক শহরে নতুন করে জোরদার ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
পশ্চিম এশিয়ায় দায়িত্বরত মার্কিন কমান্ডের বরাত দিয়ে জানা গেছে, হরমুজ প্রণালীতে ইরানের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দিতেই টানা নবম দিনের মতো এই অভিযান চালানো হয়েছে।
সোমবার ভোরে আকস্মিক এই হামলায় কেঁপে ওঠে ইরানের বিভিন্ন প্রান্ত। দেশটির আধা-সরকারি ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ, দক্ষিণ উপকূলীয় চাবাহার, কোনারাক, বন্দর মাশাহর এবং বন্দর ইমাম খোমেনিসহ বেশ কয়েকটি কৌশলগত শহরে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এছাড়া খুজেস্তান, হরমোজগান ও বুশেহর প্রদেশের একাধিক এলাকায় দফায় দফায় বিস্ফোরণের খবর মিলেছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে পাল্টা প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে তেহরান। তবে মার্কিন পেন্টাগনের পক্ষ থেকে এই আগ্রাসনের সুনির্দিষ্ট ক্ষয়ক্ষতি বা বিস্তারিত বিবরণ এখনও প্রকাশ করা হয়নি। সূত্র: আলজাজিরা
মনোয়ারুল হক/
