সেপ্টেম্বর-অক্টোবরেই স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তফসিল

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৬ জুলাই) : বর্ষা মৌসুমের বৈরি আবহাওয়া কেটে গেলেই ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনী হাওয়া বইতে শুরু করবে। আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ বৈঠকের মাধ্যমে এই নির্বাচনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই সিদ্ধান্তের কথা জানান। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনআকাঙ্ক্ষা পূরণে সরকার সম্পূর্ণ সচেতন রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।

বিদেশে পালিয়ে থাকা আসামিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে মন্ত্রী জানান, ইন্টারপোলের রেড নোটিশের কার্যকারিতায় সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে একজন এবং ভারত থেকে তিনজনসহ মোট চারজন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে বহুল আলোচিত হাদি হত্যা মামলার আসামিরাও রয়েছেন। ইউএই সরকারের অনুরোধের পর মাত্র তিন দিনের মধ্যে প্রয়োজনীয় সব আইনি নথি ও ওয়ারেন্ট পাঠানো হয়েছে। অন্যদিকে, ভারতে আটক আসামিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা থাকলেও, দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইনি প্রক্রিয়া চলমান রেখেই তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জোরালো চেষ্টা চলছে।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রকৃত সংখ্যা নিরূপণের জটিলতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বৈরাচারী সরকারের পতনকালে হাসপাতাল থেকে নথিপত্র গায়েব, চিকিৎসায় বাধা ও লাশ গুম করার কারণে সঠিক হিসাব পেতে বেগ পেতে হচ্ছে। জাতিসংঘ এই সংখ্যা প্রায় ১৪০০ বললেও সরকারের ধারণা শহীদের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে যাবে। বর্তমানে নিখোঁজদের পরিচয় নিশ্চিতে ডিএনএ টেস্ট ও গণকবর অনুসন্ধানের কাজ চলছে, যার ফলে তালিকা আরও দীর্ঘ হতে পারে। এখন পর্যন্ত ১৫ হাজারেরও বেশি শহীদ ও আহতের সুনির্দিষ্ট গেজেট ও তালিকা প্রস্তুত করা হয়েছে। এছাড়া আহতদের আঘাতের গুরুত্ব বিবেচনা করে ‘ক’, ‘খ’ ও ‘গ’—এই তিন শ্রেণিতে বিন্যস্ত করে প্রয়োজনীয় সুচিকিৎসা ও সরকারি সহায়তা দেওয়া হচ্ছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ