পরীক্ষা চলাকালীন কেন্দ্রে ঢুকে ফেসবুক লাইভ করলেন এমপি সেলিম ভূঁইয়া
নিজস্ব প্রতিবেদক (কুমিল্লা), এবিসিনিউজবিডি, (২১ এপ্রিল) : কুমিল্লার হোমনা উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালে নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে ফেসবুকে লাইভ সম্প্রচার করেছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। এ ঘটনায় বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরুর সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, পরীক্ষাকালীন কঠোর নিরাপত্তা ও বিধিনিষেধ থাকা সত্ত্বেও এমপি সেলিম ভুঁইয়া কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন এবং নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে পরীক্ষার পরিবেশ ও কার্যক্রম সরাসরি সম্প্রচার করেন।
লাইভ চলাকালে তিনি পরীক্ষার্থীদের কাছে পরীক্ষা সহজ হয়েছে কি না এবং তারা কেমন পরীক্ষা দিচ্ছে এ বিষয়ে জানতে চান। এতে পরীক্ষার্থীরা বিব্রতবোধ করে এবং তাদের মনোযোগে বিঘ্ন ঘটে বলে অভিযোগ ওঠে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানান, প্রায় ১০ মিনিট ধরে লাইভ সম্প্রচার হওয়ায় শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হয়েছে। পরীক্ষার সময় এমন কর্মকাণ্ড অনাকাঙ্ক্ষিত বলেও তিনি মন্তব্য করেন।
সংশ্লিষ্টদের মতে, পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভেতরে অননুমোদিত ব্যক্তির প্রবেশ এবং মোবাইল ফোনসহ কোনো ডিজিটাল ডিভাইস ব্যবহার শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার পরিপন্থী।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ বলেন, নির্ধারিত শিক্ষক ও কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষাকেন্দ্রে কারও প্রবেশের অনুমতি নেই। এমনকি দায়িত্বপ্রাপ্তদেরও কোনো ধরনের ডিজিটাল ডিভাইস ব্যবহার নিষিদ্ধ।
হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। যে আইডি থেকে লাইভ করা হয়েছে, তাকে বিষয়টি অবহিত করা হয়েছে।
তবে হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. তাজুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে এমপি সেলিম ভুঁইয়া বলেন, ‘এসএসসি পরীক্ষার্থীদের খোঁজ নিতে কেন্দ্রে গিয়েছিলাম। পরীক্ষা সুষ্ঠুভাবে চলছে। এলাকার প্রতিনিধি হিসেবে খোঁজ নেওয়া আমার দায়িত্ব। তবে লাইভ করা যায় কি না, সে বিষয়ে আমার জানা ছিল না।’
মনোয়ারুল হক/

