শ্রীপুরে আইনশৃঙ্খলা ও সামাজিক সচেতনতা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর), এবিসিনিউজবিডি, (২০ এপ্রিল) : মাগুরার শ্রীপুর উপজেলায় মাদক, ইভটিজিং ও সামাজিক সহিংসতা প্রতিরোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকালে শ্রীপুর থানা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ আতাউর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম (সেবা)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম (সেবা) এবং সদর সার্কেলের জনাব দীপঙ্কর ঘোষ।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিতদের মধ্যে ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন, জামায়াতে ইসলামীর উপজেলা আমিরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

মতবিনিময় সভায় সাধারণ জনগণ সরাসরি পুলিশ সুপারের কাছে তাদের সমস্যা ও মতামত তুলে ধরেন। স্থানীয়দের অভিযোগ, শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়ে গেছে। এ বিষয়ে দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

এ সময় মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এস এম সোহাগ প্রস্তাব করেন, ওয়াপদা থেকে লাঙ্গলবাঁধ সড়কের নির্জন এলাকায় অন্তত ২-৩টি পুলিশ বক্স স্থাপন করা হলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে।

অন্যদিকে, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন ‘বিকাশ প্রতারণা’ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি বলেন, এসব প্রতারক চক্র শুধু অর্থ আত্মসাৎই নয়, বরং মাদক, চোরাচালান ও অস্ত্র ব্যবসার সঙ্গেও জড়িত।

সব অভিযোগ ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। তিনি উপস্থিত জনসাধারণকে আশ্বস্ত করে বলেন, শ্রীপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট বিষয়ে শ্রীপুর থানা পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

সভাটি আয়োজন করে শ্রীপুর থানা প্রশাসন, মাগুরা।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ