প্রধানমন্ত্রী হিসেবে প্রথম নিজ জেলা বগুড়ার পথে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২০ এপ্রিল) : নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম জেলাটিতে পা রাখছেন তিনি। আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন তিনি।

বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য পাওয়া যায়। সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান।

দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশনের’ ফলক উন্মোচন করবেন। এ ছাড়া জেলাজুড়ে বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

সফরসূচি থেকে জানা যায়, প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছাবেন। বেলা ১১টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির (বার সমিতি) নবনির্মিত ভবনের উদ্বোধন এবং জেলা ও দায়রা জজের কনফারেন্স কক্ষে সারা দেশে একযোগে ই-বেইলবন্ড (অনলাইনে জামিননামা দাখিল) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী বগুড়া পৌরভবনে পৌঁছে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধনী ফলক উন্মোচন করবেন।

এরপর দুপুর পৌনে ১২টায় বগুড়া শহর থেকে পৈতৃক বাড়ি গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে বেলা পৌনে ১টায় জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করবেন।

এরপর প্রধানমন্ত্রী বেলা দেড়টায় বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বেলা পৌনে ২টায় প্রধানমন্ত্রী বাগবাড়ী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া চৌকিরদহ খাল খননকাজের উদ্বোধন করবেন। বেলা আড়াইটায় প্রধানমন্ত্রী পৈতৃক ভিটা জিয়াবাড়ি পরিদর্শন শেষে সড়কপথে বগুড়া রওনা হবেন।

বিকেল ৪টায় বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে সন্ধ্যা পৌনে ৬টায় প্রধানমন্ত্রী নবনির্মিত বগুড়া প্রেসক্লাব ভবনের উদ্বোধন করবেন তিনি।

এ ছাড়া প্রধানমন্ত্রী বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন। সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা করবেন।

পথে সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে যাত্রাবিরতি করবেন তিনি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ