৩৭১ হজযাত্রী নিয়ে চট্টগ্রাম ছেড়ে গেল প্রথম ফ্লাইট
চট্টগ্রাম ব্যুরো, এবিসিনিউজবিডি, (১৯ এপ্রিল) : চট্টগ্রাম থেকে ৩৭১ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে প্রথম ফ্লাইট।
রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে বাংলাদেশ এয়ারলাইনস এর বিজি-১৩৫ নামক ফ্লাইটটি চট্টগ্রাম ছেড়ে গেছে।
হজ ফ্লাইট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর। এছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন শাখার কর্মকর্তা, বিমান বাংলাদেশ এয়ারলাইনস স্টেশন ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তা, হাব চট্টগ্রামের চেয়ারম্যান মোহাম্মদ শরীয়ত উল্লাহ সহ হাব এবং আটাব এর প্রতিনিধিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক আল মামুন ফারুক।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চলতি মৌসুমে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের হজ ব্যবস্থাপনার নানা বিষয়ে জানতে চান এবং হজ এর সুষ্ঠু ব্যবস্থাপনায় নানা উদ্যোগ নেওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর প্রতি সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি এই বিমানবন্দরের টার্মিনালের প্রয়োজনীয় সম্প্রসারণের বিষয়ে সরকারের ইতিবাচক আগ্রহের কথা আলোকপাত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর বলেন, এ বছর হজ মৌসুমে হাজীদের হজযাত্রাকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিমানবন্দরের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের হজ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি হাজীদের বিমানবন্দরে প্রবেশের শুরু থেকে বিমানে আরোহন পর্যন্ত সকল ধাপে সরাসরি তদারকি করবেন এবং এক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সহ অন্যান্য অংশীজনদের সাথে সমন্বয়ের মাধ্যমে হাজীদের জন্য সার্বিক সেবা প্রদান করবেন।
তিনি আরও বলেন, চট্টগ্রাম বিমানবন্দরে ঢাকার ন্যায় কোন হজক্যাম্প না থাকায় বিমানবন্দরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে একটি বৃষ্টির পানি রোধক অস্থায়ী ক্যাম্প করে দেওয়া হয়েছে। সেখানে হাজীদের জন্য বসার সুব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা, পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা রাখা হয়েছে। অসুস্থ হাজীদের চিকিৎসার জন্য সার্বক্ষণিকভাবে থাকবেন বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা। মসজিদ প্রাঙ্গণে রয়েছে পর্যাপ্ত সংখ্যক ভলান্টিয়ার, তারা হাজীদের সার্বিক দিকনির্দেশনা দিবে।
এরপর প্রধান অতিথির পক্ষ থেকে হাজীদের জন্য বিশেষ উপহার সামগ্রী প্রদান করা হয়। সবশেষে প্রতিমন্ত্রী মীর হেলাল বিমানে আরোহনকৃত হাজীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলে যেন পবিত্র হজ্জ সুন্দরভাবে সম্পন্ন করে সুস্থতার সাথে দেশে প্রত্যাবর্তন করেন তার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য এ বছর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর সর্বমোট ১৬ টি ফ্লাইট এ প্রায় ৬০০০ জন যাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাত্রা করবেন। হজের ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ৩১ মে।
মনোয়ারুল হক/
