গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সন্ধ্যায় বৈঠক

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৯ এপ্রিল) : জ্বালানি তেল ডিজেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ লক্ষ্যে আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

বিআরটিএর একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, যাত্রীবাহী মোটরযানের ভাড়া পুনঃ নির্ধারণে গঠিত ১২ সদস্যের ভাড়া নির্ধারণ কমিটি এ বৈঠকে নতুন ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট অংশীজনদের বৈঠকের বিষয়ে অবহিত করা হচ্ছে।

বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম বলেন, মালিকপক্ষ বৈঠকে নতুন ভাড়ার একটি প্রস্তাব দেবে। ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে দ্রুত ভাড়া সমন্বয় প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) এক কর্মকর্তা জানান, ভাড়া সমন্বয় সংক্রান্ত বৈঠকটি আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে।

বর্তমানে বিআরটিএ নির্ধারিত ভাড়া অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৪৫ পয়সা এবং আন্তজেলা বা দূরপাল্লার বাসে ২ টাকা ১২ পয়সা। এ ছাড়া ঢাকা মহানগরে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মহানগরের বাইরে ৮ টাকা নির্ধারিত রয়েছে।

তবে মালিক সমিতির সূত্র জানিয়েছে, নতুন প্রস্তাবে মহানগর এলাকায় প্রতি কিলোমিটারে ভাড়া ৪ টাকা এবং দূরপাল্লার বাসে ৩ টাকা ৮০ পয়সা নির্ধারণের প্রস্তাব দেওয়া হতে পারে।

বিআরটিএ কর্মকর্তারা জানান, ভাড়া নির্ধারণে ব্যয় বিশ্লেষণ করা হয় এবং কমিটির সুপারিশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরবর্তীতে মন্ত্রণালয় গেজেট প্রকাশের মাধ্যমে নতুন ভাড়া কার্যকর করে। প্রচলিত নিয়ম অনুযায়ী, জ্বালানি তেলের দাম প্রতি লিটার ১ টাকা বাড়লে ভাড়া ১ পয়সা বাড়ে এবং দাম কমলে একই হারে কমে।

এর আগে গতকাল রাতে সরকার জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে। এতে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে। কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা এবং পেট্রল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ