খালেদা জিয়ার স্মৃতি ফলক গুড়িয়ে দেয়ায় জড়িতদের বিচার দাবী

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (১৮ এপ্রিল) : পুলিশ হেডকোয়ার্টারের ৪ তলা ভবন নির্মাণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম-পদবী সম্বলিত উদ্বোধনী স্মৃতি ফলক গুড়িয়ে দেয়ায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন পুলিশ সদস্যরা। তারা অনতিবিলম্বে খালেদা জিয়ার স্মৃতি ফলকটি পুনরায় স্থাপন ও কেটে ফেলা কাঠ-বাদাম গাছ দুটি রোপন করার জোর দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী ও স্বাধীনতা পদক বিজয়ী প্রয়াত বেগম খালেদা জিয়া ১৯৯২ সালে পুলিশ হেডকোয়ার্টারের ৪ তলা ভবনের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। হেডকোয়ার্টারের সামনে নিজ হাতে দুটি কাঠ-বাদাম গাছের চারা রোপন করেছিলেন। ভবনটির পাশাপাশি গাছ দুটিও পরিচর্যার ফলে অনেক বড় হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৮ সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে রাতের ভোটের কারিগর সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. মোখলেসুর রহমান ক্ষমতার দাপটে পুলিশ হেডকোয়ার্টারের ৪ তলা ভবনে ঢুকতেই বাম পাশের দেয়ালে স্থাপিত খালেদা জিয়ার নাম-পদবী সম্বলিত উদ্বোধনী স্মৃতি ফলকটি গুড়িয়ে ফেলার পাশাপাশি বেগম জিয়ার নিজ হাতে রোপন করা বিশাল কাঠ-বাদাম গাছ দুটি রাতের আধারে কেটে ফেলা হয়। সে-সময় পুলিশ হেডকোয়ার্টারে এআইজি (প্রশাসন) হিসেবে কর্মরত ছিলেন মিলন মাহমুদ। পুলিশ হেডকোয়ার্টারের বাগান পরিচর্যার দায়িত্বে নিয়োজিত এএসআই (সশস্ত্র) আব্দুল মালেক, অবসরপ্রাপ্ত নায়েক আব্দুর রহিম, মালী জাকির হোসেন এবং ঠিকাদার আক্তার হোসেনর সাথে আলাপকালে এসব তথ্য জানা যায়। তারা এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন।

পুলিশে কর্মরত কর্মকর্তা ও সদস্য’রা বেগম খালেদা জিয়ার নাম পদবী সম্বলিত উদ্বোধনী স্মৃতি ফলক গুড়িয়ে ফেলা এবং তাঁর নিজ হাতে রোপন করা বিশাল আকারের কাঠ বাদাম গাছ কাটার অপরাধের জড়িতদের তদন্তপূর্বক বিচার দাবী করেছেন। একই সঙ্গে তারা স্মৃতি ফলকটি পুনরায় স্থাপন ও কাঠ বাদাম গাছ দুটি রোপন করার জোর দাবি জানিয়েছেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ