প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্টারমারের অভিনন্দন, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশা

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২০ ফেব্রুয়ারি) : দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্বাচনে বিজয়ী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। তিনি যুক্তরাজ্য-বাংলাদেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে গুরুত্বপূর্ণ খাতে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

এক অভিনন্দন বার্তায় কিয়ার স্টারমার নির্বাচনে বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা জানান।

বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশে যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু কার্যক্রম, অভিবাসন, প্রতিরক্ষা সহযোগিতা এবং মানবিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি আরও উল্লেখ করেন, মানবিক কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তায় বাংলাদেশের প্রচেষ্টার প্রতি যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত থাকবে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দুই বন্ধুত্বপূর্ণ দেশের দীর্ঘস্থায়ী সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ